দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সবোর্চ্চ রেকর্ড।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে সিটি করপোরেশনের বাইরে বরিশাল বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে একজন ও সিলেট বিভাগে চার রজন রয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০ জন রয়েছে। ২৪ ঘণ্টায় ১৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২১ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯০০ জন। এর মধ্যে ৬২ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক তিন শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুনে ৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ডেঙ্গু নিয়ে এক লাখ এক হাজার ৩৭৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১৬৪ জনের। ২০২০ সালে করোনার কারণে ডেঙ্গুতে নজর ছিল না। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয় ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু ১০৫ জনের। ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন ভর্তি হয়। মৃত্যু ২৮১ জনের। ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিত ভয়াবহ আকার ধারণ করে। ভর্তি হয় ৩২১১৭৯ জন। মৃত্যু হয় ১৭০৫ জনের।