মাত্র ২৭ দিনের রানির জীবনী নিয়ে নির্মিত হচ্ছে ‘মেইস্তা’

আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:৪৫ এএম

মাথায় রাজমুকুট উঠেছিল, কিন্তু তা স্থায়ী হয়েছিল মাত্র ২৭ দিনের জন্য! ১৯৪৬ সালের ৯ মে থেকে ২ জুন পর্যন্ত ইতালির সিংহাসনে বসেছিলেন বেলজিয়ামের রাজা প্রথম আলবার্টের মেয়ে ও ইতালির যুবরাজ দ্বিতীয় উমবের্তোর স্ত্রী মারিয়া হোসে।

ক্ষণস্থায়ী রাজত্বের কারণেই ইতিহাসে ‘মে কুইন’ বা ‘মে মাসের রানি’ হিসেবে অমর হয়ে আছেন তিনি। এবার সেই ঐতিহাসিক জীবনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ইতালির এই শেষ রানির জীবনের ওপর ভিত্তি করে নির্মিতব্য সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মেইস্তা’। এটি পরিচালনায় রয়েছেন জিনেভ্রা এল্কান। শুধু তাই নয়, ইতালির প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মার্কো বেলোচিওকে সঙ্গে নিয়ে ছবিটির চিত্রনাট্যও যৌথভাবে সাজাচ্ছেন তিনি।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক জিনেভ্রা এলকান জানিয়েছেন, ১৯৪৬ সালের ওই গুরুত্বপূর্ণ কয়েকটি সপ্তাহের চিত্রই এই সিনেমায় তুলে ধরা হবে-যেখানে মারিয়া একদিকে রানির মুকুট পরছেন, আবার নিজের চোখের সামনেই একটি রাজকীয় যুগের পতন দেখছেন। তবে এই ঐতিহাসিক চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনই কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।

ইতিহাস থেকে জানা যায়, রাজতন্ত্রের পড়তি সময়ে ১৯৪৬ সালের ৯ মে উমবের্তোকে তড়িঘড়ি করে সিংহাসনে বসায় রাজপরিবার, আর সেই সুবাদেই রানির খেতাব পান মারিয়া। কিন্তু এর ঠিক ২৭ দিন পরই ইতালির সাধারণ জনতা এক ঐতিহাসিক গণভোটের মাধ্যমে রাজতন্ত্র শাসন শেষ করেন। বাধ্য হয়ে দেশ ছাড়তে হয় রাজপরিবারকে। সিনেমায় কেবল এই পতনই নয় বরং তৎকালীন ইতালির ফ্যাসিবাদী শাসনামলের নানা অন্ধকার দিকও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হবে।

বাস্তব জীবনে মারিয়া হোসে ছিলেন অত্যন্ত আধুনিকা, সুশিক্ষিতা ও কট্টর ফ্যাসিবাদবিরোধী এক নারী। তিনি আগেই আঁচ করতে পেরেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালিতে রাজতন্ত্রের আর কোনো ভবিষ্যৎ নেই। তাই নিজের অবস্থান তিনি সাধারণ মানুষের পক্ষেই রেখেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত