সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ

আপডেট : ২২ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা, ১১২ বোতল ইস্কফ ও ২১ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ২১ ও ২২ জুন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আলীনগর, শ্যামনগর ও সিংগারবিল বিওপির সদস্যরা।

এর মধ্যে গত ২১ জুন সন্ধ্যা ৭টার দিকে বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় আলীনগর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন।

একই দিন বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে আখাউড়া উপজেলার কল্যাণপুর এলাকায় শ্যামনগর বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। 

এ ছাড়া ২১ জুন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিজয়নগরের নোয়াবাদী এলাকায় সিংগারবিল বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা ও ১১২ বোতল ইস্কফ জব্দ করেন।

অন্যদিকে রবিবার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে বিজয়নগর উপজেলার নলগড়িয়া এলাকায় সিংগারবিল বিওপির আরেকটি টহলদল অভিযান চালিয়ে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্যগুলো পরবর্তী সময়ে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ মাদক ও চোরাচালান পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সদস্যরা নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত