কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য মো. নজরুল ইসলামকে(৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১জুন) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুমিল্লা কোতয়ালী থানাধীন মগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. নজরুল ইসলাম উপজেলার ধামঘর ইউনিয়নের ভুবনঘর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মুরাদনগর উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মো. নজরুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করা সহ দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মদদ দিয়ে আসছে। গত ১৫ ডিসেম্বর ২০২৫ সালে উক্ত আসামিসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগের অঙ্গ-সংঘটনের নেতাকর্মীরা মুরাদনগর টু রামচন্দ্রপুর রোডে জলিল মিয়া মসজিদ এলাকায় লাঠিসোটা নিয়ে মিছিল করে বিভিন্ন ধরনের স্নোগান দিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় বলে তার বিরুদ্ধে মুরাদনগর থানায় পৃথক মামলা করা হয়। রবিবার অভিযান চালিয়ে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ টিম।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।