ড্রেসিংরুমে 'শান্তি'র বার্তা রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো 'নীপিড়িত' ইরান

আপডেট : ২২ জুন ২০২৬, ০৬:১৮ পিএম

বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের ড্রেসিংরুমে একটি আবেগঘন হাতে লেখা চিঠি রেখে গেছে ইরান জাতীয় ফুটবল দল। প্রতিকূল পরিস্থিতি এবং একের পর এক বিতর্কের মাঝেও মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলে 'মর্যাদা ও সম্মান' নিয়ে শহরটি ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। চিঠিতে বিশ্বজুড়ে 'শান্তি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব' বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর ইরানের ফুটবলাররা ড্রেসিংরুমে ইংরেজিতে একটি চিঠি রেখে যান। যেখানে লেখা ছিল:

"হাজার বছরের প্রাচীন পারস্য থেকে শুরু করে আজকের সভ্য ইরান—ইরানের আত্মা সর্বদা জীবিত এবং অবিচল। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, লড়াই করেছি সম্মানের সাথে এবং বিদায় নিচ্ছি মর্যাদা নিয়ে।"

"লস অ্যাঞ্জেলেস, তোমাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ। আর ধন্যবাদ সেই সমস্ত ইরানিকে, যারা এই ১৮০ মিনিটে ইরানের জন্য নিজেদের হৃদয়, কণ্ঠ এবং আত্মা উজাড় করে দিয়েছেন। বিশ্বের সমস্ত জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা এবং বন্ধুত্ব বিরাজ করুক।"

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেস শহরেই যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি ইরানি প্রবাসী বসবাস করেন, যা মাঠে তাদের বড় অনুপ্রেরণা জুগিয়েছে।

 

ইরানের সেই চিঠি এই আবেগঘন বার্তার নেপথ্যে রয়েছে ইরান দলের গত কয়েকদিনের চরম অশান্তি ও ক্ষোভ। মেক্সিকোর টিজুয়ানায় নিজেদের বেস ক্যাম্প করা ইরান দলকে টুর্নামেন্ট চলাকালীন যাতায়াত নিয়ে কঠোর বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছে।

ভিসা জটিলতা এবং যাতায়াতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ইরানের ফুটবল ফেডারেশন ইতিমধ্যেই ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছে।

ইরান শেষ গ্রুপ ম্যাচ মিসরের সঙ্গে ওয়াশিংটনের সিয়াটলে খেলবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত