বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

প্রবাসী বাংলাদেশিদের জন্য অনিবাসী ‘রূপান্তরযোগ্য টাকা হিসাব’ নামে নতুন ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ হিসাবে প্রবাস থেকে জমা করা মূল অর্থ ও অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণভাবে আবার ফেরত নেওয়া যাবে। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্স প্রবাহকে আরও কার্যকরভাবে আনুষ্ঠানিক চ্যানেলে নিয়ে আসা, বিনিয়োগ জোরদার এবং তফশিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ করা। নতুন ব্যবস্থায় প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে অনিবাসী রূপান্তরযোগ্য টাকা হিসাব খুলতে পারবেন।

চলতি, সঞ্চয়ী বা ফিক্সড ডিপোজিট হিসাব খোলা যাবে। এই অ্যাকাউন্টে অন্যান্য অনিবাসী বিনিময়যোগ্য টাকা হিসাব থেকে স্থানান্তরিত অর্থ, সুদ বা মুনাফা, বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়, শেয়ার সাবস্ক্রিপশনের ফেরত এবং অন্যান্য অনুমোদিত বৈদেশিক মুদ্রা সংক্রান্ত অর্থ জমা করা যাবে।

সার্কুলারে বলা হয়েছে, অনিবাসী রূপান্তরযোগ্য টাকা হিসাবে জমাকৃত মূল অর্থ ও অর্জিত সুদ বা মুনাফা সম্পূর্ণরূপে প্রত্যাবাসনযোগ্য থাকবে। একইসঙ্গে জমা হওয়া অর্থ স্থানীয়ভাবে ব্যবহার করা যাবে। যেমন- প্রয়োজনীয় স্থানীয় পরিশোধ, অন্যান্য অনিবাসী টাকা হিসাবে স্থানান্তর, বিদেশি মুদ্রা অ্যাকাউন্টে রূপান্তর এবং বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ।

অনিবাসী রূপান্তরযোগ্য টাকা হিসাবে জমাকৃত তহবিল ব্যবহার করে বিশেষায়িত অঞ্চলের টাইপ-এ তথা শতভাগ বিদেশি মালিকানার শিল্পপ্রতিষ্ঠানগুলোকে টাকায় ঋণ দিতে পারবে। এই ঋণ শুধুমাত্র অনুমোদিত চলতি ব্যয়ের- বেতন, মজুরি এবং ইউটিলিটি বিলের জন্য ব্যবহার করা যাবে। এসব ঋণের পরিশোধ অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রপ্তানি আয় থেকে করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকের স্থানীয় তথা ডমেসটিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে অনিবাসী রূপান্তরযোগ্য টাকা হিসাবে জামানত প্রবাসীদের বা তাদের মনোনীত ব্যক্তিদের জন্য ঋণ সুবিধা দেওয়া যাবে। এসব ঋণ ব্যক্তিগত বা ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে। তবে কৃষি, প্ল্যান্টেশন এবং আবাসন খাতে বিনিয়োগ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি এসব অর্থ বাংলাদেশে অ-প্রত্যাবাসনযোগ্য বিনিয়োগ বা নিজস্ব ব্যবহারের জন্য আবাসিক সম্পত্তি ক্রয়ে ব্যবহার করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, এই নতুন অনিবাসী রূপান্তরযোগ্য টাকা হিসাব ব্যবস্থা রেমিট্যান্সের আর্থিক মধ্যস্থতা আরও জোরদার করবে। অফশোর ব্যাংকিং কার্যক্রমকে গতিশীল করবে। আর প্রবাসী বাংলাদেশিদের দেশীয় বিনিয়োগে অংশগ্রহণের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। এটি বিশেষায়িত অঞ্চলের টাইপ-এ শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য টাকার তারল্য সহায়তা বাড়াবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত