মাদারীপুরে গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে জখম

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:০২ এএম

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খামারবাড়ি এলাকায় পারিবারিক কলহের জেরে কোমেলা বেগম (৫০) নামে এক নারীকে নির্মমভাবে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। আহত কোমেলা বেগম স্থানীয় আইয়ুব আলী মাতব্বরের স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ভুক্তভোগীর ছেলে কামাল হোসেনের সঙ্গে তার স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিরোধ দীর্ঘদিনের। তিন মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সেলিনা বেগম আদালতে মামলা দায়ের করলে কামাল হোসেন কারাবন্দি হন এবং প্রায় এক মাস আগে জামিনে মুক্তি পান। এই বিচ্ছেদ ও আইনি বিরোধকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেলিনা বেগম, শের জামাল তালুকদার, রাতুল তালুকদার, আমিন তালুকদার ও শাহজাহান তালুকদারসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন সংঘবদ্ধ হয়ে কোমেলা বেগমের বাড়িতে হামলা চালায়। অতর্কিত এই হামলায় হামলাকারীরা ধারালো দা দিয়ে কোমেলা বেগমের মাথায় সজোরে আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

আর্তনাদ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত অবস্থায় কোমেলা বেগমকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তারা ঘটনার খবর পেয়েছেন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্ত শুরু হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত