মেসি নিয়ে প্রশ্ন শুনেই বিরক্ত রোনালদো

আপডেট : ২৪ জুন ২০২৬, ১২:৪৩ পিএম

মাঠে নামলেই যেন অবধারিতভাবে চলে আসে ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসি দ্বৈরথ। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে সব সমালোচনা ধুয়ে দেওয়ার পরও সংবাদ সম্মেলনে মেসির প্রসঙ্গ আসতেই মেজাজ হারালেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা। এক সাংবাদিক মেসির নাম উচ্চারণ করা মাত্রই তাকে থামিয়ে দিয়ে অন্য এক সাংবাদিকের দিকে চলে যান সিআরসেভেন।

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বিধ্বংসী জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন রোনালদো। সেখানে এক সাংবাদিক প্রশ্ন শুরু করেন, 'লিওনেল মেসি দুটি গোল করেছেন, এমবাপ্পে এবং আপনিও অনবরত দেখিয়ে চলেছেন যে আপনারাই...'— ঠিক এই মুহূর্তে সাংবাদিককে মাঝপথে আটকে দেন রোনালদো। সেই সাংবাদিকের প্রশ্নকে পুরোপুরি উপেক্ষা করে অন্য এক রিপোর্টারের দিকে মনোযোগ দেন।

মেসিকে নিয়ে ব্যক্তিগত প্রশ্নে বিরক্তি দেখালেও, বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে অবশ্য ইতিবাচক জবাব দিয়েছেন আল নাসর স্ট্রাইকার। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, "আসলে আমি জানি না কী উত্তর দেব... এই মুহূর্তে এর খুব একটা মানে হয় না। তবে হ্যাঁ, যদি এমন কোনো ম্যাচ হয়, তবে সেটি অবশ্যই দুর্দান্ত (টপ) কিছু হবে।"

মেসির আরেকটি রেকর্ড ভাঙলেন সিআরসেভেন

উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু ৬টি ভিন্ন বিশ্বকাপে গোলের অনন্য কীর্তি বা ইউসেবিওকে টপকে যাওয়ার রেকর্ডই গড়েননি রোনালদো, বরং চিরপ্রতিদ্বন্দ্বী মেসির আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন। ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে জোড়া গোল করার রেকর্ড গড়লেন তিনি। এর আগে গত সোমবারই অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ বছর ৩৬৩ দিন বয়সে জোড়া গোল করে এই রেকর্ড গড়েছিলেন মেসি। ২৪ ঘণ্টার ব্যবধানেই মেসির সেই রেকর্ড ভেঙে দিলেন রোনালদো।

সংবাদ সম্মেলনে নিজের চিরচেনা লড়াকু মানসিকতার কথা তুলে ধরে রোনালদো বলেন, "আমি সবসময় যথাসময়ে হাজির হই। আজ হোক বা কাল, আমি থাকবই। আমি যা করি এবং যেভাবে কঠোর পরিশ্রম করি, তার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার পুরো ক্যারিয়ারটাই এমন, এটা বদলানোর কোনো কারণ নেই।"

তিনি আরও যোগ করেন, "যখন আমরা ভালো খেলি না বা জিতি না, তখন আমাদের ওপর আক্রমণ করা হয়। বিশেষ করে আমাকে লক্ষ্য বানানো হয়। কিন্তু আমি এতে অভ্যস্ত, আমি এগুলোকে পাত্তা না দিয়ে নিজের গতিতে চলি।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত