নাটোরের সিংড়ায় ১২ বছর পর নাতি জন্ম নেওয়ার আনন্দে ব্যতিক্রমী আয়োজন করেছেন নানা। ঘোড়ার গাড়িতে নাতিকে নিয়ে শোভাযাত্রা বের করে গ্রামবাসীর মধ্যে ৩ হাজার পিস মিষ্টি বিতরণ করেছেন তিনি।
বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা ও শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জোরমল্লিকা গ্রামের মো. হান্নানের কোনো পুত্র সন্তান নেই। তার একমাত্র মেয়ে পান্না খাতুনের বিয়ে হয়েছে একই ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মনির হোসেনের সঙ্গে। তাদের প্রথম সন্তান কন্যা হওয়ার ১২ বছর পর সাত মাস আগে পুত্র সন্তান আব্দুর রহমান বিন মুসালিনের জন্ম হয়।
নাতির জন্মে আনন্দিত হয়ে নানা মো. হান্নান সাত মাস বয়সী নাতিকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ গ্রাম থেকে জামাইয়ের গ্রাম পর্যন্ত শোভাযাত্রা করেন। এ সময় নাচ-গানের আয়োজন করা হয় এবং গ্রামবাসীর মধ্যে ৩ হাজার পিস মিষ্টি বিতরণ করা হয়।
গ্রামবাসীরা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় সচরাচর দেখা যায় না। অনুষ্ঠানে অংশ নিতে পেরে তারা আনন্দিত।
শিশুর মা পান্না খাতুন বলেন, আমার মেয়ে সন্তানের জন্মের ১২ বছর পর ছেলে সন্তান হয়েছে। সেই আনন্দে বাবা ঘোড়ার গাড়িতে করে গ্রাম ঘুরিয়ে মিষ্টি বিতরণ করেছেন। সবাই আমার সন্তানদের ও বাবার জন্য দোয়া করবেন।”
শিশুটির নানা মো. হান্নান বলেন, আমার কোনো পুত্র সন্তান নেই। মহান আল্লাহ আমাকে একটি নাতি উপহার দিয়ে মনের আশা পূরণ করেছেন। তাই স্বজন ও গ্রামবাসীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছি।
ইরানের পরমাণু স্থাপনায় নজরদারি নিশ্চিত