ঘানার ওঝার ‘কালো জাদু’তেই কেইনের ‘সহজ মিস’!

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৩:০৪ পিএম

ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচটি গোলশূন্য (০-০) ড্র হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্যালারিতে একটি নাম বেশ শোরগোল ফেলে দিয়েছে— নানা কুয়াকু বোনসাম। ম্যাচ শেষে খোদ ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইসও হাসতে হাসতে বলে ফেললেন, 'আমরা শট, হেড, সেট-পিস সবই চেষ্টা করেছি, কিছুই কাজ করেনি... কে জানে, হয়তো কালো জাদুই কাজ করছিল!'

আসলে কী ঘটেছিল? ম্যাচের ৮৬ মিনিটে যখন হ্যারি কেইন গোলপোস্টের একদম কাছ থেকে একটি সহজ সুযোগ পেয়ে বল গ্যালারিতে উড়িয়ে মারলেন, তখন গ্যালারিতে বসা এক ইংলিশ সমর্থক পাশে থাকা ঘানার সমর্থককে রসিকতা করে বলেন, "তাহলে দেখছি মন্ত্র আসলেই কাজ করছে!"

কে এই ওঝা এবং কী তার দাবি?

ম্যাচের আগেই ঘানার বিখ্যাত ‘উইচ ডক্টর’ বা ওঝা নানা কুয়াকু বোনসাম ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি স্টার’কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি হ্যারি কেইনের ওপর কালো জাদু করেছেন। বোনসাম বলেন, "আমি হ্যারি কেইনের ওপর কাজ করছি। আমি আমার দেশের বিপক্ষে তাকে থামানোর জন্য যা করার দরকার, তা-ই করেছি। তবে আমি তার কোনো বড় ইনজুরি চাইনি, শুধু চেয়েছিলাম ও যেন আমার দেশের বিরুদ্ধে গোল করতে না পারে।"

ফুটবল বিশ্বে বোনসামের এমন অদ্ভুত দাবি এবারই প্রথম নয়। এর আগে ২০১৪ বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা ম্যাচের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর হাঁটুর ইনজুরি নিয়েও তিনি একই দাবি করেছিলেন এবং বলেছিলেন সেই ইনজুরি তারই করা জাদুর ফসল।

বোনসামের নামের বাংলা অর্থ করলে দাঁড়ায় ‘বুধবারের শয়তান’। তিনি ঘানার আর দশটা সাধারণ ওঝার মতো নন। নিউ ইয়র্কের ব্রঙ্কসে দীর্ঘদিন কাটানো এই ওঝা একাধারে বিলাসবহুল ক্যাডিলাক গাড়ি চালান, ডলচে অ্যান্ড গাব্বানা-র ট্র্যাকসুট পরেন, ১৪ সন্তানের জনক এবং তার বিশাল গবাদি পশুর খামার ও নিজস্ব মাজারের চেইন রয়েছে। এমনকি তিনি একবার ঘানার সংসদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন! এক দশক আগে নিউ ইয়র্ক টাইমস তাকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছিল।

আফ্রিকান ফুটবলে ‘জুজু’ বা কালো জাদুর ইতিহাস

ঘানার সাধারণ সমর্থকদের বড় অংশ অবশ্য এসব বিশ্বাস করেন না। গ্যালারিতে থাকা জোসেফ নামের এক সমর্থক বলেন, "উচ্চশিক্ষিত কিছু মানুষ এটা বিশ্বাস করলেও আমাদের বেশিরভাগই এসব বিশ্বাস করি না। আমরা খারাপ খেললে লোকে বলে জাদু করেছে, ভালো খেললে বলে আমরা জাদু করেছি— এগুলো শুধুই কুসংস্কার।"

তবে আফ্রিকান ফুটবলে ‘জুজু’ -র প্রভাব এতটাই গভীর যে, ২০০৮ সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশন  কড়া বিবৃতি দিয়ে মাঠে ও গ্যালারিতে ওঝা বা তাবিজ-কবজের ব্যবহার নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল। এমনকি জাম্বিয়ার মতো কিছু দেশে এটি আইনত দণ্ডনীয়।

বিগত ২০২২ বিশ্বকাপেও ক্যামেরুনের খেলোয়াড়দের বিরুদ্ধে এবং ২০২৫ সালের আফ্রিকান কাপ অব নেশনস ফাইনালে মরক্কো ও সেনেগালের ম্যাচের সময় গোলরক্ষক এদুয়ার্দ মেন্দির তোয়ালে নিয়ে ‘ম্যাজিক ট্রিক’-এর চোর-পুলিশ খেলা ফুটবল পাড়ায় বেশ মুখরোচক আলোচনার জন্ম দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত