কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:২৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত এবং এক নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে রতনগঞ্জ-বল্লা সড়কের কামার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপাল চন্দ্র পণ্ডিত (৬০) কালিহাতী উপজেলার কামার্থী গ্রামের বাসিন্দা এবং বৃন্দাবন চন্দ্র পণ্ডিতের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রতনগঞ্জ-বল্লাগামী একটি অজ্ঞাতনামা ট্রাক একই দিকগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সাইকেল আরোহী গোপাল চন্দ্র পণ্ডিতকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে তালতলা এলাকার মলি (৫০) নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কালিহাতী থানার এসআই ওসমান গনি জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। ঘাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত