খাগড়াছড়িতে পৃথক ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৪৭ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙা ও দীঘিনালা উপজেলায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) দুই সদস্য নিহত হয়েছেন এবং একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙা উপজেলার তৈকাথান এলাকা থেকে ইউপিডিএফ সদস্য ববিন ত্রিপুরার মরদেহ উদ্ধার করা হয়।  জানা গেছে, মংসানু মারমা নামে একজনকে এসময় একটি একে-৪৭ রাইফেলসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তৈকাথান এলাকায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা গুলি ছোড়ে বলে দাবি করা হয়। আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে এক ব্যক্তি নিহত হন। 

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার এবং মংসানু মারমাকে আটক করা হয়।

অন্যদিকে, একই দিন দুপুরে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মুড়োগড়া এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় সুজন চাকমা নামে একজন নিহত হন।

এ বিষয়ে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহেদ উদ্দিন  ও দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, পুলিশ মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত