ঢাকার বিবৃতি

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের বক্তব্য সন্তোষজনক নয়

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৭:৩৮ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে নিয়ে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে সন্তোষজনক নয় বলে অভিহিত করেছে বাংলাদেশ। পাশাপাশি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।

তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

মুখপাত্র বলেন, ‘এ বিষয়ে পূর্বেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।’ চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ড. জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত