পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য এখন থেকে তেহরানের অনুমোদিত পথই ব্যবহার করতে হবে। ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই কঠোর বার্তা দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের সাথে কোনো ধরনের সমন্বয় ছাড়া নতুন করে ঘোষিত কোনো জাহাজ চলাচলের রুট ব্যবহার করা যাবে না এবং এমন প্রচেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অগ্রহণযোগ্য।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর মাধ্যমে প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য একমাত্র অনুমোদিত পথ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান কর্তৃক ঘোষিত পথ। নতুন কোনো রুট সম্পর্কে ইরানকে অবগত না করে বা তাদের সাথে সমন্বয় না করে কোনো উদ্যোগ নিলে তা সহ্য করা হবে না বলেও সতর্ক করেছে শক্তিশালী এই সামরিক বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, প্রণালী পারাপারের সময় আন্তর্জাতিক সামুদ্রিক চ্যানেল ১৬-এর মাধ্যমে ইরানের নৌবাহিনীর সাথে যোগাযোগ স্থাপন বাধ্যতামূলক। কোনো জাহাজ এই নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আইআরজিসি সতর্ক করেছে।
উল্লেখ্য, এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তির প্রচেষ্টার আলোচনা চলছে। গত ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুই দেশের মধ্যকার যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালায়। দীর্ঘ এই উত্তেজনার অবসান ঘটিয়ে গত ৮ এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। শান্তি চুক্তির প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে তেহরানের এই নতুন হুশিয়ারি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল