হাইতির চমক শেষে মরক্কোর জয়

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩৪ এএম

বড় টুর্নামেন্টের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে শুধু মাঠের কৌশল নয়, যেকোনো প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর অদম্য মানসিকতারও প্রয়োজন হয়। আটলান্টা স্টেডিয়ামে ঠিক তেমনই এক স্নায়ুক্ষয়ী পরীক্ষার মুখোমুখি হয়েছিল মরক্কো। সি-গ্রুপের ম্যাচে টুর্নামেন্ট থেকে আগেই বিদায়ঘণ্টা বেজে যাওয়া হাইতি যে এভাবে প্রতিরোধ গড়ে তুলবে, তা হয়তো ভাবেনি কেউ। তবে ম্যাচে দুই-দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মাঠের তীব্র লড়াইয়ে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছে আফ্রিকান লায়ন্সরা।

খেলার শুরু থেকেই যেন নাটকীয়তায় ঠাসা ছিল পুরো ম্যাচ। মাত্র ১০ মিনিটেই লেনি জোসেফের এক ব্যাকহিল পাস মরক্কোর তারকা কিপার ইয়াসিন বুনোর পিঠে লেগে আত্মঘাতী গোল হলে স্তব্ধ হয়ে যায় মরক্কো শিবির।তবে ৩৯ মিনিটে এবার প্লাসাইডের একটি ভুলের সুযোগ নিয়ে গোল করে মরক্কোকে সমতায় ফেরান আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হাকিমি। এর ঠিক ৪ মিনিট পরই উইলসন ইসিডরের দূরপাল্লার এক অবিশ্বাস্য বুলেট গতির শটে আবারও লিড নেয় হাইতি। তবে প্রথমার্ধের নাটকীয়তার শেষ হয়নি তখনো। বিরতিতে যাওয়ার ঠিক আগে সোফিয়ান আমরাবাতের পাস থেকে মরক্কোকে ২-২ সমতায় ফেরান টুর্নামেন্টে নিজের টানা তৃতীয় গোল পাওয়া ইসমাইল সাইবারি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ালেও মরক্কোকে লিড নিতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। সেখানে কর্নার থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় ম্যাচে মরক্কোকে প্রথমবার লিড এনে দেন বদলি নামা সুফিয়ান রাহিমি। আর ম্যাচের শেষ মিনিটে ২০ বছর বয়সী তরুণ গেসিম ইয়াসিন গোল করে মরক্কোর ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত