আম মৌসুমে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক লেনদেন নির্বিঘœ রাখতে এবং নগদ অর্থের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আমবাজারসংলগ্ন ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে নিজস্ব বিবেচনায় এসব শাখা ও উপশাখার কার্যক্রম পরিচালনা করতে হবে। নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখা এবং গ্রাহকদের অর্থ জমা ও উত্তোলন সেবা নির্বিঘœ রাখার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।