বদিউল আলম বললেন

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াতে হবে

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩৭ এএম

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, যেসব কৃষক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তা করতে হবে এবং তাদের সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘হাওর রক্ষায় টেকসই ব্যবস্থাপনা ও সুনামগঞ্জের উন্নয়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সুজনের সুনামগঞ্জ জেলা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বদিউল আলম মজুমদার বলেন, ‘সুনামগঞ্জের হাওর ঐতিহাসিকভাবে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন যদি আমরা দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে কিছু সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারি, তাহলে তা শুধু সুনামগঞ্জবাসীর জন্য নয়, পুরো জাতির জন্য খাদ্যনিরাপত্তাসহ বহু কল্যাণ বয়ে আনবে।’

তিনি বলেন, ‘এসব সমস্যার সমাধান করা গেলে দেশে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা পাবে। একই সঙ্গে সরকারও সফল হবে। কারণ, হাওরের বন্যায় যে ব্যাপক ক্ষতি হয়েছে, তা দেশের খাদ্যশক্তির ক্ষতি। এই ঘাটতি পূরণ করতে বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়, যার জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়।’

সংবাদ সম্মেলনে সুজনের সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ লিখিত বক্তব্যে জাতীয় অর্থনীতিতে হাওড়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যথাযথ তদারকি ও টেকসই পরিকল্পনার অভাবে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা নানা ঝুঁকির মুখে পড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত