৪৩তম বিসিএস

৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৩৮ এএম

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য মতে, ২০২৪ সালের ২৯ জানুয়ারি ৪৩তম বিসিএসে ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ওই বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৪৬৫ প্রার্থী। শুনানি নিয়ে একই বছরের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ ফল প্রকাশের আদেশ দেয়। এর ধারাবাহিকতায় রিট আবেদনকারীরা ৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদগুলো সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন। গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট ৪৩তম বিসিএসের ৮ হাজার ৫০১টি নন-ক্যাডার পদ সংরক্ষণের নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল এ রায় হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত