উপজেলা হাসপাতালে বিকল ৮৮০ এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৪২ এএম

দেশের উপজেলাপর্যায়ের হাসপাতালগুলোতে বর্তমানে ৪৮৫টি এক্স-রে এবং ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অর্থাৎ উপজেলা হাসপাতালগুলোতে ৮৮০টি এক্স-রে ও আল্ট্রাসাউন্ড মেশিন বর্তমানে ব্যবহারের অযোগ্য অবস্থায় রয়েছে। গতকাল সংসদে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩১০টি হাসপাতালে অকেজো মেশিনের সংখ্যা প্রায় ৪৮৫টি, যার প্রায় ৪০ শতাংশ মেরামত অযোগ্য ও বাকি ৬০ শতাংশ মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে। ২৫২টি হাসপাতালে অকেজো আল্ট্রাসাউন্ড মেশিনের সংখ্যা ৩৯৫টি, যার প্রায় ৩৫ শতাংশ মেরামত অযোগ্য এবং বাকি ৬৫ শতাংশ মেরামতযোগ্য এবং সেগুলো মেরামতের জন্য টেন্ডার করা হয়েছে।।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এমআরআই, সিটিস্ক্যান, ডায়ালাইসিস ও আইসিইউর ভারী যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ ছিল। বর্তমান সরকার এ ভারী যন্ত্রপাতি ক্রয় প্রক্রিয়া পুনরায় চালু করেছে এবং ৪টি এমআরআই মেশিন ক্রয় কার্যক্রম চলমান রয়েছে। গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে অনুমোদিত চিকিৎসকের পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি, এর মধ্যে শূন্যপদের সংখ্যা ৯ হাজার ৪০৭টি।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব একটি ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।

বছরে নতুন ক্যানসার রোগী ১ লাখ ৬৭ হাজার : সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা আইএআরসি প্রকাশিত গ্লোবোক্যান ২০২২-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে প্রতি বছর আনুমানিক এক লাখ ৬৭ হাজার ২৫৬ নতুন ক্যানসার রোগী শনাক্ত হন। এ ছাড়া দেশে বছরে প্রায় এক লাখ ১৬ হাজার ৫৯৮ জন ক্যানসারে মারা যান। আর বর্তমানে আনুমানিক তিন লাখ ১৬ হাজার ৪১৭ ক্যানসার রোগী রয়েছেন।

মন্ত্রী বলেন, ক্যানসার রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে দেশের আটটি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার পূর্ণাঙ্গ ক্যানসাার চিকিৎসা ইউনিট স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন বলেও জানান তিনি।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে চালু কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৪ হাজার ৪৬০টি। কমিউনিটি ক্লিনিক নেই এমন শূন্য ওয়ার্ডে জমি প্রাপ্তি এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ সাপেক্ষে আরও ৫৪০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবিরের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতি লাখে আনুমানিক চার হাজার ৩৫৩ জন মা সন্তান প্রসবকালে মৃত্যুবরণ করেন। সন্তান জন্ম দিতে গিয়ে কোনো মা মারা গেলে রাষ্ট্রপক্ষ থেকে তাকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত