মাদকবিরোধী কর্মসূচি শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলা

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

কুমিল্লা নগরীতে সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এতে এক শিক্ষার্থীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১২ বছর বয়সী স্কুলছাত্র প্রেমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীরা স্থানীয় কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে কাটাবিল ও তেলিকোনা এলাকায় প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে কিশোর গ্যাং ও মাদক কারবারিরা মহড়া দিচ্ছিল। এর প্রতিবাদে এবং এলাকায় মাদক নির্মূলের দাবিতে গতকাল সচেতন নাগরিকদের উদ্যোগে কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথেই হামলার মুখে পড়েন অংশগ্রহণকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, মানববন্ধন শেষ করে ফেরার সময় স্কুলছাত্র প্রেমসহ অন্যদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিতে গুলি চালায়। হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি এবং কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।

আনোয়ার নামে স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে মাদক কারবার ও অস্ত্রের মহড়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে। সাধারণ মানুষ এখন তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ঘটনার পর পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে। তবে ঘটনার পরেই অভিযুক্ত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত