হিজাব-নেকাব নিষিদ্ধের পর এবার দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা করছে ইউরোপের দেশ ডেনমার্ক। দেশটির অভিবাসনমন্ত্রী মর্তেন বোদস্কভ বলেছেন, ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের ধ্বনি শোনা যাওয়া উচিত নয়।
ড্যানিশ সংবাদ সংস্থা রিৎজাউকে দেওয়া সাক্ষাৎকারে বোদস্কভ বলেন, দেশে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং জনপরিসরে ‘ইসলামীকরণ’ বাড়ছে বলে সরকারের উদ্বেগ রয়েছে। সেই প্রেক্ষাপটেই আজান নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সাক্ষাৎকারে অভিবাসনমন্ত্রী আরও বিতর্কিত মন্তব্য করে বলেন, ডেনমার্কে চলাফেরা করতে গিয়ে কারও যেন ইসলামের কোনো উপশহরে থাকার অনুভূতি না হয়। তার ভাষায়, ডেনমার্ককে ‘ইসলামীকরণের’ সুযোগ দেওয়া হবে না।
এই মন্তব্যের তীব্র সমালোচনা হচ্ছে। অনেকে মনে করছেন, এটি একটি নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে করা এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শঙ্কা তৈরি করছে।
ডেনমার্কের সংবিধানে ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত থাকায় এই উদ্যোগ বাস্তবায়নে আইনি বাধা রয়েছে। বোদস্কভ নিজেও জানিয়েছেন, এটি আইনত সম্ভব কিনা তা খতিয়ে দেখা হবে।
এর আগে ২০২৬ সালের শুরুতে ডেনমার্কের পার্লামেন্ট দেশজুড়ে মুখঢাকা হিজাব ও নেকাব নিষিদ্ধের আইন পাস করে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বে ডেনমার্ক ইতোমধ্যে ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন করছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় ইসলামিক ধর্মীয় অনুশীলন, যেমন আজান ও হিজাব, নিয়ে বিভিন্ন দেশে কঠোর অবস্থান দেখা যাচ্ছে। ডেনমার্কের এই উদ্যোগও তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, ডেনমার্কের মুসলিম জনগোষ্ঠী দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ এবং মুসলমান দেশটির সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়।