৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা সম্পন্ন

আপডেট : ২৭ জুন ২০২৬, ১০:৪১ এএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

প্রতিযোগিতায় আয়োজক প্রতিষ্ঠান বিকেএসপির পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে।  মোট ৫০ জন জিমন্যাস্ট এ প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।

প্রতিযোগিতায় দলগতভাবে বিকেএসপির ছেলে ও মেয়ে উভয় দলই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ দলগতভাবে রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে।

ছেলেদের ১০টি ইভেন্টে বিকেএসপি ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি তাম্র পদক অর্জন করে। মেয়েদের ৬টি ইভেন্টে বিকেএসপি ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি তাম্র পদক লাভ করে। সব মিলিয়ে বিকেএসপি মোট ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৮টি তাম্র পদক অর্জন করে দলগত চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

অন্যদিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ছেলেদের বিভাগে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি তাম্র এবং মেয়েদের বিভাগে ১টি রৌপ্য ও ৪টি তাম্র পদকসহ মোট ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি তাম্র পদক অর্জন করে দলগত রানার্সআপ ট্রফি লাভ করে।

প্রতিযোগিতায় বিকেএসপির কৃতি জিমন্যাস্ট বনফুলী চাকমা চারটি ইভেন্টে অংশগ্রহণ করে চারটিতেই স্বর্ণপদক অর্জন করে সেরা জিমন্যাস্ট নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেন। এ সময় বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ), জিমন্যাস্টিকস্ বিভাগের চিফ কোচ, প্রশিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্ প্রতিযোগিতা দেশের উদীয়মান জিমন্যাস্টদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জাতীয় পর্যায়ে জিমন্যাস্টিকসের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত