নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর মরদেহ 

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৪:০৮ পিএম

নেত্রকোনায় বাড়ির পাশের ডোবার কোনায় হাঁটু পানিতে মিলল আবু সুফিয়ান রাফি নামে ৫ বছরের এক শিশুর মরদেহ। খবর পেয়ে পুলিশ হাতপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে প্রেরণ করে।

শনিবার (২৭ জুন) ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (২৬ জুন) রাতে সদর উপজেলার মেদনী ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে শিশুর মৃত্যুর রহস্য রয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম উলুয়াটি গ্রামের মতিউর রহমানের ৫ বছর বয়সী ছেলে আবু সুফিয়ান রাফি দেখতে বয়সের তুলনায় শারিরীকভাবে বেড়েছিল। এই বয়সেই সে বাই সাইকেল চালাতে পারত। শুক্রবার সন্ধ্যার পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির পাশেই একটি ডোবার এক কোণায় শিশুটিকে পড়ে থাকতে দেখে। পরে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, ডোবার কোণায় হাঁটুর সমান পানিতে সাইকেল চালানো একটি ছেলে ডুবে মরতে পারে না। তাছাড়া যে পানি ছিল সেখানে ডুবে যাওয়ার ভয় নেই। শিশুটি দুপুরে খিচুড়ি খেয়েছিল যা পায়ু পথে বের হয়েছে। শিশুর মা বাবা হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দাফন করতে চান। এ খবর পেয়ে হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হাস্তান্তর করা সিদ্ধান্ত নেয়।

এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার। এ ব্যাপারে জানতে শিশুর বাবা মতিউরের মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও সেটা বন্ধ পাওয়া যায়।

সদরের মডেল থানার ওসি আল মামুন সরকার জানান, আমরা হাসপাতাল থেকে খবর পেয়েছি। মরদেহের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে তা উদঘাটনে তদন্ত করা হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত