গলায় ইট বেঁধে কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে।
পরে এ ঘটনায় ব্যবস্থা নিতে শুক্রবার (২৬ জুন) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (২৭ জুন) অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।
এর আগে গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নরসিংদী মডেল থানার ওসি আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
অভিযোগ রয়েছে, একই এলাকার শাহীন আরা নামের এক নারী কুকুরটির উপদ্রব থেকে মুক্তি পেতে মোহাম্মদ আলীকে এই কাজে প্ররোচিত করে।
স্থানীয়দের দাবি, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। অভিযুক্ত শাহীন আরা আত্মগোপনে আছে।