ভূমিকম্প

ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৯:৩৩ পিএম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে সেখানে নিহতের স্ংখ্যা ৯২০ জনে দাঁড়িয়েছে। দেশটির এক শতকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ভূমিকম্পে হাজারও মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চললেও ধীরগতির কারণে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার (২৬ জুন) ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সরকারি হিসাব তুলে ধরে বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যু হয়েছে। এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শনের সময় তিনি জানান, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে শুরু করেছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, দেশটির উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে ফাটল সৃষ্টি হওয়ার কারণেই ভূমিকম্প দুটি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা দিতে ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজমের আওতায় স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও চেকিয়া বিশেষায়িত উদ্ধারকারী দল ও মানবিক সহায়তা পাঠিয়েছে। এ ছাড়া সুইজারল্যান্ড, মেক্সিকো, এল সালভাদর ও নেদারল্যান্ডস থেকেও উদ্ধারকারী দল ভেনেজুয়েলায় পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজে অংশ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত