ভেনেজুয়েলায় ভূমিকম্প

 ৯ শতাধিক নিহত নিখোঁজ ৫১ হাজার

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৪:৪৪ এএম

শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ৯ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ভয়াবহ ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের উত্তরের ডজনখানেক শহর লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা রাজ্য পরিদর্শনকালে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জন হয়েছে। ভয়াবহ এ দুর্যোগে আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, ভূমিকম্পের পর এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫১ হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো চলছে মরিয়া চেষ্টা। তবে দুর্যোগের প্রায় দুই দিন পার হতে চললেও উপদ্রুত এলাকাগুলোয় বিদেশি উদ্ধারকারী দল ও আন্তর্জাতিক সহায়তা পৌঁছানোর গতি খুবই ধীর। এর মধ্যেই গত শুক্রবার বিকালে কারাকাস এবং কাছাকাছি মারাকাই শহরে ৪.৯ মাত্রার মৃদু পরাঘাত অনুভূত হওয়ায় মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ২৫০টি ভবন ধ্বংস বা বিধ্বস্ত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। এর মধ্যে আটটি হাসপাতাল, রেডক্রস ভবন ও ফরাসি দূতাবাস ভবন রয়েছে। ভূমিকম্পের পর থেকে বিভিন্ন জায়গায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের সাহায্যের জন্য আর্তনাদ শোনা গেছে। তাদের উদ্ধারে মাঠে নেমেছেন ফায়ার সার্ভিসের কর্মী, সেনাসদস্যের পাশাপাশি সাধারণ মানুষ। অনেককে খালি হাতেই উদ্ধারকাজ করতে দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত