বিধ্বংসী জয়ে ভাগ্য গড়ল সেনেগাল

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৫:০৫ এএম

পিঠ দেওয়ালে ঠেকে গেলে আফ্রিকার ‘তেরাঙ্গার সিংহরা’ কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, টরন্টোর মাঠ তার প্রমাণ দেখল। ফ্রান্স ও নরওয়ের কাছে টানা হারে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা সেনেগাল নকআউটের আশা বাঁচিয়ে রাখতে স্রেফ ধ্বংসযজ্ঞ চালাল ইরাকের ওপর। সুপার-সাব পেপে গেইয়ের দূরপাল্লার দুটি অতিমানবীয় গোল আর ইসমাইলা সারের রেকর্ড গড়ার ম্যাচে ১০ জনের ইরাককে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে সেনেগাল। এই মহাজয়ে গোল ব্যবধান বাড়িয়ে (+২) শেষ ৩২-এর টিকিট পাওয়ার দৌড়ে দারুণভাবে টিকে রইল আফ্রিকান চ্যাম্পিয়নরা।

সেনেগালের কামব্যাকের গল্পের শুরুটা ম্যাচের ৪ মিনিটেই। সেখানে হাবিব দিয়াজের গোলে লিড পায় তারা। তবে ম্যাচের ভাগ্য পুরোপুরি ইরাকের বিপরীতে হেলে পড়ে ১৩ মিনিটে, যখন সাদিও মানেকে ফাউল করে ভিএআর প্রযুক্তির ফাঁদে পড়ে সরাসরি লাল কার্ড দেখেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ম্যাচ শেষে ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড এই লাল কার্ডকে ‘বোকামি’ আখ্যা দিয়ে ভক্তদের কাছে ক্ষমা চান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠের দখল নেন ভিলারিয়ালের মিডফিল্ডার পেপে গেই। মাঠে নামার মাত্র ৩ মিনিটের মাথায় প্রথম স্পর্শেই বাঁ পায়ের জাদুকরী বাঁকানো শটে গোল করেন তিনি। এর কিছুক্ষণ পর ১০৩ কিলোমিটার প্রতি ঘণ্টা গতির এক রকেট হাফ-ভলিতে স্টেডিয়ামের দর্শকদের স্তম্ভিত করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এই তারকা। এর আগে ৫৬ মিনিটে গোল করে সেনেগালের ফুটবল ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড নিজের করে নেন ইসমাইলা সার। ৮২ মিনিটে শেষ গোলটি করেন এনদিয়ায়ে।

সেরা তৃতীয় ৮ দল

১. সুইডেন, ২. ইকুয়েডর, ৩. বসনিয়া, ৪. প্যারাগুয়ে, ৫. সেনেগাল

বাকি ৩ স্পটের জন্য লড়ছে ইরান, ক্রোয়েশিয়া, ঘানা, অস্ট্রিয়া, আলজেরিয়া কঙ্গো

×
সর্বশেষ সর্বাধিক পঠিত