বিশ্বকাপের এবারের আসরে মাঠে নেমে একের পর এক রেকর্ডে নাম লেখানোকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি। গ্রুপ পর্বের শুরুর দুই ম্যাচের বড় জয়ে নকআউট ও গ্রুপসেরার জায়গা আগেই নিশ্চিত ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এতে জর্ডানের বিপক্ষে ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার। সেখানেও ৩-১ ব্যবধানের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ল লিওনেল স্কালোনির দল। এদিন শুরুর একাদশে না থাকলেও ম্যাচের এক ঘণ্টা পেরিয়ে বদলি হিসেবে নেমেই অনন্য এক রেকর্ড গড়েন মেসি। ফ্রান্সের জুঁস ফন্তেইন ও ব্রাজিলের জাইরজিনহোদের ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা সাত ম্যাচে গোলের কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন জাদুকর।
ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের এই ম্যাচে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে একাদশে নয়টি বড় পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। তবে দ্বিতীয় সারির দল নিয়েও ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আলবিসেলেস্তেরা। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে জিওভানি লো সেলসো জর্ডানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। তবে লিড পেতে আর্জেন্টিনাকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ১৯তম মিনিটে রিয়াল বেতিসের এই মিডফিল্ডার লো সেলসোকে ডি-বক্সের বাইরে ফাউল করেন জর্ডানের মহন্নেদ আবুতাহা। ২০ মিটার দূর থেকে নেওয়া সেই বাঁকানো ফ্রি-কিকে জর্ডানের রক্ষণ দেওয়ালকে ফাঁকি দিয়ে চমৎকার গোল করেন লো সেলসো। বিশ্বকাপে এটি তার প্রথম গোল এবং প্রায় সাড়ে ৮ মাস পর জাতীয় দলের হয়ে পেলেন জালের দেখা। চোটের কারণে খেলা হয়নি ২০২২ বিশ্বকাপে। তবে এবারে আসরে নিজেকে চেনালেন আলাদাভাবেই।
এদিকে সেলসোর গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজের একটি ক্লোজ-রেঞ্জ শট গোলবারে লেগে ফিরে এলে ফিরতি বল হেড করতে যান লিয়ান্দ্রো পারেদেস। কিন্তু জর্ডানের নিজার আলরাশদান অনিচ্ছাকৃতভাবে পারেদেসের মাথায় লাথি মেরে বসলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রিভিউয়ের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি ইস্তভান কোভাকস। ৩১তম মিনিটে সেই সফল স্পট কিকে গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে ব্যবধান ২-১ দ্বিগুণ করেন এবং বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো।
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা বিরতির পর কিছুটা ধাক্কা খায়। ম্যাচের ৫৫ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল করে বসেন জর্ডানের অধিনায়ক এহসান হাদ্দাদ। ডান প্রান্ত থেকে তার পাঠানো এক নিচু ক্রস থেকে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি চমৎকার শটে বল জালে জড়ান। এর মাধ্যমে চলতি ২০২৬ বিশ্বকাপে এই প্রথম গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের পরাস্ত হওয়ার দৃশ্য দেখল ফুটবল বিশ্ব।
জর্ডান যখন ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল, ঠিক তখনই অর্থাৎ ম্যাচের ৬০ মিনিটে গ্যালারির তুমুল করতালির মধ্য দিয়ে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নামার পর ৮০ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক মুহূর্ত। ডি-বক্সের প্রায় ২৫ মিটার দূরে মেসি নিজেই ফাউলের শিকার হন। এরপর নিজের ট্রেডমার্ক নিচু ফ্রি-কিকে জর্ডানের দেওয়ালের পাশ ঘেঁষে বল জালে জড়ান এই ইন্টার মায়ামি তারকা। গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা বলের গতিপথ সম্পূর্ণ ভুল করায় কেবল দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তার।
এই গোলের মাধ্যমে ২০২২ বিশ্বকাপের নকআউট পর্ব থেকে শুরু করে চলতি আসর পর্যন্ত টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অবিস্মরণীয় বিশ্বরেকর্ড গড়েন মেসি। এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের কিংবদন্তি জুঁস ফন্তেইন এবং ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের জাইরজিনহো টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়েছিলেন। তাঁদের সেই বহু বছরের পুরোনো রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে নিজের মোট গোলসংখ্যাকে রেকর্ড ১৯-এ নিয়ে গেলেন এই আর্জেন্টাইন জাদুকর।
জর্ডানের বিপক্ষে এই জয়ে ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করলো লিওনেল স্কালোনির দল। আগামী ৪ জুলাই মেসির শহর মায়ামিতে শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে এই আসরের চমক কেপ ভার্দে।