ইরানের সাম্প্রতিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাহরাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। বাহরাইন নিউজ এজেন্সির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেয় মানামা।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইরানের এই বেপরোয়া হামলা বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও স্থিতিশীলতা ফেরানোর সব সুযোগ নষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে বিষয়টির জরুরি সমাধানের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে বাহরাইন। হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি।
বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভূখণ্ড রক্ষায় বাহরাইন পূর্ণ অধিকার রাখে। চলমান এই আগ্রাসনের ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির জন্য ইরান সরকারকেই পূর্ণ দায়ভার নিতে হবে। বাহরাইন কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের এই অব্যাহত আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক।
সূত্র: আল-জাজিরা