মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কাটাবিল গ্রামে নিখোঁজের একদিন পর ধলাই নদী থেকে তামিম ইকবাল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু তামিম ইকবাল কাটাবিল গ্রামের বাসিন্দা জমসেদ মিয়ার একমাত্র সন্তান। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিনভর জমসেদ মিয়ার সঙ্গে ধান কাটার কাজে মাঠে বসে ছিল ছোট্ট তামিম। সন্ধ্যায় বাড়ি ফিরে রাতে বাড়ির সামনের গ্রামীণ সড়কের নির্মাণকাজ দেখছিল সে। এ সময় কাজের কাদা তার শরীরে ছিটকে পড়লে তামিম বাড়িতে গিয়ে পরনের টি-শার্ট খুলে আবার বাইরে বের হয়। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা ও স্থানীয় গ্রামবাসী সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তামিমের কোনো সন্ধান পাননি। পরে আজ রবিবার দুপুরে বাড়ির পাশে ধলাই নদী থেকে তার নিথর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন বলেন, ধলাই নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।