দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বেলকুচিতে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:৫২ এএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুহার প্রামাণিক (৫৫) নামের এক মনোহারী ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুহার প্রামাণিক স্থানীয় কামারপাড়া গ্রামের মৃত এমান প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবুহার প্রামাণিক রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব দিকে তার দোকানের সামনে এসে দাঁড়াচ্ছিলেন। এসময় দক্ষিণ দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোঃ হাসানও (২২) আহত হয়েছেন। হাসান বেলকুচি বড়ধুল ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের মোঃ আলম প্রামাণিকের ছেলে এবং পেশায় একজন প্রবাসী। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত