খুলনায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে সন্ত্রাসীদের মহড়া

আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:৪০ এএম

খুলনা নগরীর লবণচরা থানার দক্ষিণ হরিনটানা এলাকায় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ জুন) রাত প্রায় ৯টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল এলাকায় প্রবেশ করে এ ঘটনা ঘটায়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লবণচরা থানার দক্ষিণ হরিনটানা ঢালাই রোডের মাথায় আজিজুলের চায়ের দোকানের সামনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে একদল সশস্ত্র ব্যক্তি এসে অবস্থান নেয়। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, টুটপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফের নেতৃত্বে দলটি এলাকায় প্রবেশ করে। এ সময় তারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। পরে সাইফের নেতৃত্বে দলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, দক্ষিণ হরিনটানা এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কারা এবং কী উদ্দেশ্যে এ ধরনের মহড়া দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত