২২ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ ফারজানার 

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৩২ পিএম

ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পশ্চিম ছনুয়া গ্রামের নিজাম উদ্দিন ভূইয়া বাড়ীর আবুল প্রবাসী আবুল বশরের বড় মেয়ে ফারজানা আক্তার ২১ ধরে দিন নিখোঁজ রয়েছে। তার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন স্থানে স্বজনরা হন্য হয়ে ঘুরছে।

আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ ফারজানাকে উদ্ধারে তৎপর রয়েছে, তবে স্বামীর পরিবারের অসহযোগিতায় সন্ধানে দীর্ঘায়িত হচ্ছে।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত ৯ জুন থেকে ফারজানা নিখোঁজ হয়। গত ২০১৮ সালে ফারজানার সাথে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হেসাখাল দায়েমছাতী মজুমদার বাড়ির আবুল বাশারের ছেলে দুবাই প্রবাসী শাহাদাতের সাথে বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে ফারজানা সুখে থাকলেও দেবর শাহপরানের কারণে পরিবারে অশান্তি নেমে আসে। ফারজানার স্বজনদের দাবি দেবর শাহ পরানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে তার ভাবিকে গুম করেছে। ২৭ বছর বয়সী ফারজানা আক্তারের স্বামী দুবাই প্রবাসী।

ফারজানার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, কুপ্রস্তব দেওয়ার পর রাজী না হওয়ায় দেবর শাহপরান ক্ষেপে গিয়ে ফারজানাকে গুম করে নানা কল্পকাহিনী রটাচ্ছে। তারা আশঙ্কা প্রকাশ করেছেন ফারজানাকে হত্যা করার জন্য গুম করা হয়েছে।

জানা গেছে, গত ৯ জুন থেকে ফারজানা নিখোঁজ হলেও থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরী করেনি তার স্বামীর পরিবার। পরবর্তীতে ফেনী থেকে ফারজানার স্বজনরা লাঙ্গলকোট থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। নাঙ্গলকোট থানার ওসি নিখোঁজের ৬ দিন পর অর্থাৎ ১৫ জুন ফারজানার পরিবারের অভিযোগ না নিয়ে স্বামীর পরিবারের সাধারণ ডায়েরি গ্রহণ করে।

এদিকে ফারজানাকে খুঁজে পেতে তার মা, ফুফু ও বাবা কুমিল্লা নাঙ্গলকোট থানা পুলিশ প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ জানান, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। জিজ্ঞাসাবাদের জন্য দেবর শাহপরানকে আটক করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেয়। আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ ফারজানার সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত