ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন শুরু

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা সহজীকরণের লক্ষে ঢাকায় বিকল্প বাস টার্মিনাল ও অস্থায়ী বাসডিপোর সম্ভাব্য স্থান পরিদর্শন শুরু হয়েছে।

বুধবার (১ জুলাই) বেলা ৩টা থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

এর আগে গত ১৫ জুন সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবারের পরিদর্শনে অংশ নেন পাবনা-৫ আসনের সাংসদ ও পরিবহন নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও পরিদর্শনে উপস্থিত রয়েছেন।

পরিদর্শনের জন্য নির্ধারিত স্থানগুলো হলো— পূর্বাচল ১৯ নম্বর সেক্টর, দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনাল-চুনকুটিয়া, জেলখানার বিপরীতে বাঘাইর-তেঘরিয়া আন্ডারপাস, হাসনাবাদ (ইকুরিয়া)-কাঁচপুর এবং ফুলবাড়িয়া ২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত