সালমানের ভাবমূর্তি রক্ষায় নতুন মোড়

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:৪৫ এএম

বলিউড সুপারস্টার সালমান খানের নাম ও ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। বহুল আলোচিত ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাল’ সিনেমাটি নিয়ে সালমান খান আইনি লড়াই শুরু করলেও, সম্প্রতি দিল্লি হাইকোর্টে সিনেমাটির নির্মাতারা এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তারা জানিয়েছেন, সিনেমাটি এখন পর্যন্ত ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হয়নি। ফলে এখনই সিনেমাটির মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই।

হিন্দুস্তান টাইমস সূত্রে জানা যায়, গত বুধবার (১ জুলাই) এই মামলার শুনানিতে সালমান খানের আইনজীবীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, সিনেমাটি দ্রুত মুক্তি পেতে পারে, তাই এর ওপর অবিলম্বে স্থগিতাদেশ প্রয়োজন। এর জবাবে নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়, সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়া কোনো চলচ্চিত্র মুক্তি দেওয়া আইনত সম্ভব নয়। এমনকি আগামী ৬ জুলাইয়ের আগে সিনেমাটি সিবিএফসির কাছে জমা দেওয়ার কোনো পরিকল্পনাও তাদের নেই।

উল্লেখ্য, গত জুন মাসে সিনেমাটির পোস্টার ও ট্রেলার প্রকাশের পরই সালমান খান দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। তার অভিযোগ, সিনেমার পোস্টারে যে চরিত্রটি দেখানো হয়েছে, তা তার ব্যক্তিত্বের সঙ্গে হুবহু মিলে যায়। চরিত্রটির হাতে বন্দুক এবং সালমানের সিগনেচার ব্রেসলেটের মতো একটি ব্রেসলেট দেখা যাওয়ায় দর্শকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সালমান খানের মতে, অস্ত্র আইনের মামলায় তিনি খালাস পাওয়ার পরও পোস্টারে বন্দুক হাতে তাকে উপস্থাপন করা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত প্রয়াস।

সালমান খানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, নির্মাতারা পুরোনো একটি সংবেদনশীল মামলাকে পুঁজি করে সস্তা জনপ্রিয়তা ও প্রচার পাওয়ার চেষ্টা করছেন। এর আগেও নিজের নাম, ছবি বা ব্যক্তিত্বের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে সালমান খান কঠোর আইনি পদক্ষেপ নিয়েছেন। বর্তমানে আদালতের নির্দেশনার অপেক্ষায় আছেন সংশ্লিষ্ট সব পক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত