সারা দেশের ন্যায় আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় পরীক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পক্ষ থেকে পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে কলম, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন এবং তীব্র গরমে স্বস্তি দিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। পাশাপাশি প্রত্যেক পরীক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয় বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উৎসাহিত করা সামাজিক দায়িত্বের অংশ। পরীক্ষার্থীরা যাতে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নুরী বলেন, শিক্ষার্থীরাই দেশের আগামী দিনের নেতৃত্ব ও উন্নয়নের চালিকাশক্তি। এইচএসসি পরীক্ষার্থীরা যেন সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই পেকুয়া উপজেলা ছাত্রদলের এই ক্ষুদ্র উদ্যোগ।
এ সময় উপস্থিত অভিভাবকরা এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের এমন আন্তরিক অভ্যর্থনা ও প্রয়োজনীয় সহায়তা নিঃসন্দেহে তাদের মানসিকভাবে উজ্জীবিত করবে।
পরীক্ষার্থীরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, পরীক্ষা শুরুর আগে এমন শুভেচ্ছা ও সহযোগিতা তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং ভালোভাবে পরীক্ষা দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।