সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কার্যক্রমের জন্য সম্মানী ও পারিশ্রমিকের হার পুনর্নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গতকাল বৃহস্পতিবার অর্থ বিভাগের জারি করা পরিপত্রে বল হয়েছে, এই পরিপত্র জারির তারিখ থেকে নতুন এই হার কার্যকর হবে এবং এর ফলে অর্থ বিভাগের ২০ অক্টোবর ২০১৫ তারিখের এ সংক্রান্ত পূর্ববর্তী স্মারকটি বাতিল বলে গণ্য হবে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত আদেশটি ইতিমধ্যেই সরকারের সব প্রধান কার্যালয় ও দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
পরিপত্রে নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন স্তরের কাজের জন্য সম্মানীর হারের মধ্যে প্রশ্নপত্র প্রণয়ন ও বোর্ড সদস্যদের প্রতিটি প্রশ্নপত্র প্রণয়নের জন্য ৬ হাজার টাকা এবং বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের জন্য প্রতি সভার জন্য ৬ হাজার টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার বোর্ড সদস্যদের জন্য প্রতিদিনের সম্মানীও ৬ হাজার টাকা ধার্য করা হয়েছে।
উত্তরপত্র মূল্যায়ন ও নিরীক্ষণের জন্য প্রতিটি বর্ণনামূলক উত্তরপত্র মূল্যায়নের জন্য ১৩০ টাকা এবং অবজেকটিভ টাইপ (এমসি কিউ) উত্তরপত্রের জন্য ৩৫ টাকা ধার্য করা হয়। পাশাপাশি প্রতিটি উত্তরপত্র নিরীক্ষণের জন্য ১৫ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।
কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানীর ক্ষেত্রে পরীক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত প্রথম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের প্রতিদিনের সম্মানী ১ হাজার ৮০০ টাকা, দশম থেকে ১৬০০ গ্রেডভুক্তদের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে লিখিত পরীক্ষার হল পরিদর্শকদের জন্য প্রতিদিন ১ হাজার ৮০০ টাকা সম্মানী বরাদ্দ করা হয়েছে। আসন বিন্যাস কাজের জন্য প্রতি পরীক্ষার্থী পিছু ৩ টাকা এবং উত্তরপত্র তৈরির জন্য ১২ টাকা করে সম্মানী পাওয়া যাবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিবিধ ও আনুষঙ্গিক ব্যয়ের ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র মুদ্রণ ও আনুষঙ্গিক দ্রব্যাদি (তালা-চাবি, কাগজ, কলম ইত্যাদি) ক্রয়ের জন্য সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ব্যয়ের সুযোগ রাখা হয়েছে।
তবে এসব কার্যক্রমের জন্য পরিপত্রে কিছু শর্তারোপ করা হয়। পরিপত্রে উল্লেখ করা হয়, একই কর্মদিবসে একাধিক সভার জন্য বা একাধিক পদের পরীক্ষা হলেও একজন ব্যক্তি সর্বোচ্চ একটি বা ক্ষেত্রবিশেষে দুটি সম্মানী প্রাপ্য হবেন। সরকারি অর্থের সাশ্রয় ও স্বচ্ছতা নিশ্চিত করে নির্ধারিত হারের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখতে হবে এবং সব ব্যয়ের যথাযথ ভাউচার ও রসিদ সংরক্ষণ করতে হবে।