হামে আরও ৫ শিশুর মৃত্যু 

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫৬ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৪ জনের। গত ১৫ মার্চ থেকে হামে ৯৩ ও উপসর্গ নিয়ে ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জন। হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ২৮৬ জনের। এই সময়ে হাম জনিত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪৪১ জন। হাম থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৮২ হাজার ৭৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় তিন, সিলেটে ও  বরিশালে একজন করে মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩১ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৫ শিশুর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত