নদী রক্ষার দাবিতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন 

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদী দখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন। গতকাল শুক্রবার সকালে নগরের লালনশাহ মুক্তমঞ্চে মিনি ম্যারাথন উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রান ফর পদ্মা মিনি ম্যারাথন আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। আমাদের সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ এবং উদ্যোগই পারে পদ্মাসহ দেশের সব নদ-নদীকে সুরক্ষিত রাখতে।

মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে খাদ্য অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। বিভিন্ন বয়সী প্রায় ৫০০ প্রতিযোগী ম্যারাথনে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন শতাধিক নারী অংশগ্রহণকারী।

উদ্বোধনী অনুষ্ঠানে রান ফর পদ্মা মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রিক্তা পারভীন, মো. জুলফিকার আলী হায়দার, মঈন বিন মোস্তফা, জাহিদুল ইসলাম সানিসহ আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রান ফর পদ্মা শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত