মাধবপুরে ২০০ বোতল ভারতীয় এস্কুফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াসনগর গ্রামে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল প্রায় ৪টা ১০ মিনিটে মাধবপুর থানার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার কারবারিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনা এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানার  নেতৃত্বে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো.জামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সুরমা গোয়াসনগর গ্রামের রজব আলীর ছেলে মো. কুদ্দুস মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বসতঘরে তল্লাশি চালিয়ে সিমেন্টের বস্তায় বিশেষভাবে লুকিয়ে রাখা প্রতিটি ১০০ মিলিলিটার পরিমাপের মোট ২০০ বোতল (প্রায় ২০ লিটার) ভারতীয় আমদানি নিষিদ্ধ এস্কুফ (কোডিন) সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মো. কুদ্দুস মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কুদ্দুস মিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাধবপুর থানাসহ বিভিন্ন থানায় ১৮টিরও বেশি মামলা রয়েছে।

উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত