নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (৫ জুলাই) সকালে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার জয়ন্ত রায় (২৬) ও একই উপজেলার সুঠিপাড়া এলাকার মুমিন (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালের দিকে পাকারমাথা সড়ক এলাকায় বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই শ্রমিকরা সেখানে কাজ শুরু করেন। এসময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার আখতার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি খুব ব্যস্ত আছি জানিয়ে মুঠোফোনের কল কেটে দেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুজ্জামান জানান, ঠিকাদার বিদ্যুৎলাইন বন্ধের জন্য কিছু না জানিয়ে চলন্ত লাইনেই শ্রমিক দিয়ে কাজ করছিলেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।