রাজধানীর আজিমপুরের একটি বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেছেন স্বজনরা।
রবিবার (৫ জুলাই) বেলা দেড়টার দিকে আজিমপুর শাহ সাহেববাড়ি এলাকার একটি ৭ তলা বাড়িতে এই ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার মেয়ের দেবর আরিফুল ইসলাম সিফাত জানান, রাজ্জাকের বাসা মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের পাশে। তিনি আগে ব্যবসা করতেন। তবে এখন কিছুই করতেন না। গত ১ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল তার। আজ সকালেই মোহাম্মদপুর থেকে আজিমপুরে মেয়ের বাসায় আসেন তিনি। এরপর দুপুরের ছাদের দরজার চাবি নিয়ে একা একাই ছাদে ওঠেন। কিছুক্ষণ পর সেখান থেকেই তিনি লাফিয়ে নিচে পড়েন। দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, দুইদিন আগেই রাজ্জাক সাহেব তার বাসার সদস্যদের বলছিলেন, ছাদ থেকে লাফ দিতে কেমন লাগে! তার এই কথা শুনার পর সবাই তাকে নিয়ে ভয় ও আতঙ্কে ছিলেন। তাকে সব সময় চোখে চোখে রাখতেন। তার বাসাটি দুই তলা। হয়ত সেই কারণেই আজ সকালে মেয়ের বাসায় এসেছিলেন। কারণ, মেয়ের বাসাটি ৭ তলা। সেখান থেকেই তিনি লাফ দিয়েছেন।