মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের পুত্র। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে অর্থনৈতিক অঞ্চল সড়কের আবুতোরাব এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর গুরুত্বর আহত হলে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, সকালে একটি তদন্তের কাজে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাওয়ার সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে আনসার কর্মকর্তা আলাউদ্দিন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা হাসপাতালে আসছেন। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হয়েছে। আনসার ভিডিপি কর্মকর্তার মরদেহ এখন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুভ্রা দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় আনসার কর্মকর্তাকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া পুলিশ সম্পন্ন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত