খামেনির স্মরণে শাহবাগে ইনকিলাব মঞ্চের গায়েবানা জানাজা

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফেরাত কামনায় রাজধানীর শাহবাগে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল করেছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজার আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও নিপীড়নের বিরুদ্ধে তারা সব সময় সোচ্চার থাকার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ইরান থেকে বাংলাদেশ, ফিলিস্তিন থেকে আফগানিস্তান-যেখানেই মানুষ নির্যাতিত হবে, জুলুমের শিকার হবে, আমরা আমাদের অবস্থান থেকে তার প্রতিবাদ জানিয়ে যাব।

বক্তব্যে তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট মতাদর্শের প্রতিনিধিত্ব করে না। তাদের কোনো দল নেই এবং কোনো জালেমের সঙ্গেও সম্পৃক্ততা নেই। তাদের সম্পর্ক কেবল মজলুম ও ইনসাফের সঙ্গে। ইনসাফের প্রশ্নে তারা কোনো দল বা রাজনৈতিক পরিচয় দেখে না, বরং দেখে কে সত্য ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে।

তিনি উপস্থিত সবাইকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, নিজের অন্তরের প্রশান্তির জন্য হলেও মজলুমের পক্ষে কথা বলবেন।

বক্তব্য শেষে আয়াতুল্লাহ আলী খামেনিসহ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে নিহতদের জন্য গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাতে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত