বালোগুনের লালকার্ড স্হগিতের সিদ্ধান্তে ক্ষুব্ধ বেলজিয়াম

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০১:৪৫ এএম

বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ম্যাচে সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার নিষেধাজ্ঞা থাকার কথা থাকলেও ফিফার ডিসিপ্লিনারি কমিটি তা স্থগিত ঘোষণা করেছে। ফলে সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন তিনি।

​ফিফার এই সিদ্ধান্তে যখন মার্কিন শিবিরে স্বস্তি, তখন তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

​ফিফার এই ঘোষণার পরপরই বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন একটি কড়া বিবৃতি প্রকাশ করেছে। যেখানে তারা ফিফার এই সিদ্ধান্তকে ফুটবলের মৌলিক নিয়মের পরিপন্থী বলে উল্লেখ করেছে। বিবৃতিতে তারা জানায়:

​"বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার এই সিদ্ধান্তে স্তব্ধ। ফিফা তাদের ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর ধারার দোহাই দিয়ে এই নিষেধাজ্ঞা স্থগিত করেছে। কিন্তু একই কোডের ৬৬.৪ ধারা এবং ২০২৬ বিশ্বকাপ নিয়মের ১০.৫ ধারায় স্পষ্ট বলা আছে—যেকোনো সরাসরি বা দ্বিতীয় হলুদ কার্ডের কারণে পাওয়া লাল কার্ডের জন্য পরবর্তী ম্যাচে অটোমেটিক (স্বয়ংক্রিয়) নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এই বিশ্বকাপে এর আগের সব লাল কার্ডের ক্ষেত্রেও তাই হয়েছে।"

বেলজিয়াম আরও জানিয়েছে, গত মে মাসেও সার্কুলার পাঠিয়ে সব দেশকে এই অটোমেটিক নিষেধাজ্ঞার কথা পুনর্ব্যক্ত করা হয়েছিল। ফেয়ার প্লে ধরে রাখতে এবং নিজেদের অধিকার রক্ষায় বেলজিয়াম এখন সব ধরনের আইনি পদক্ষেপ বা বিকল্প উপায় খতিয়ে দেখছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত