কুকুরকে বলা হয় প্রভুভক্ত, কৃতজ্ঞ প্রাণী। এও সর্বজনবিদিত সাহসী ও বিশ^স্ত প্রাণী হিসেবে কুকুরের সুখ্যাতি। নিজের মালিক বা কাছের কারও বিপদে সাহায্য করার জন্য কুকুর নিজের জীবন বাজি রাখতে, দ্বিধা করে না। কুকুরের এমনই একটি উদ্ধারকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। কুকুরটিও মুনিব এবং অন্যদের কাছ থেকেও পেয়েছে সমাদর। অ্যারিজোনার একজন নারীর শেয়ার করা একটি ভিডিওর বরাত দিয়ে কুকুরের এই প্রশংসনীয় কাজটির সংবাদ প্রকাশ করে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল।
ভিডিওটি যিনি শেয়ার করেন, তার নাম লরি বেসেরা। লরি কুকুরটির মালিক। কুকুরটির নাম রেমুস। লরির আরেকটি কুকুর রয়েছে, যার নাম স্মোকি। লরির বাড়ির পেছনে রয়েছে একটি সুইমিংপুল। সুইমিংপুলে সাঁতার কাটার চেষ্টার সময় প্রায় ডুবে যেতে বসে স্মোকি। ঠিক তখনই তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে রেমুস। পরে লরির কাছ থেকে জানা গেছে, স্মোকি সাঁতারে ছিল বেশ দুর্বল।
স্মোকির পুরো শরীর ভেজা দেখে ঘটনা কী ঘটেছিল, তা জানার জন্য তার স্বামী নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। এই ঘটনা দেখে তার স্বামী তাকে ডাকেন এবং জানান স্মোকি পানিতে ডুবে গিয়েছিল। শুনে বেসেরা কেঁদে ফেলেন। তখন তার স্বামী তাকে জানান, স্মোকির কিছু হয়নি, সে ভালো আছে, রেমুস তাকে উদ্ধার করেছে। উদ্ধারের এই ভিডিও দেখে তার বিশ্বাসই হচ্ছিল এমনটি জানা যায় খবরে।
ভাইরাল হওয়া ভিডিওতে আরও জানা যায়, বেসেরা কুকুরটিকে বাহবা দিয়ে বলেন, রেমুসের হৃদয়টা সত্যি সোনার। পশুকে অনেকেই শুধু পশু হিসেবেই বিবেচনা করেন। কিন্তু কোনো পশুও যে কল্যাণের দূত হতে পারে এমন নজির তো কম নেই। রেমুস স্মোকিকে উদ্ধার করে তা-ই তো প্রমাণ করল।