ক্ষেপণাস্ত্রসহ প্রাণঘাতী অস্ত্রের মহড়া উত্তর কোরিয়ার

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ এএম

অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ হাজার টনের ডেস্ট্রয়ার থেকে এ মহড়া চালানো হয়েছে। গতকাল রবিবার তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে এ পরীক্ষাগুলো সম্পন্ন হয়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য মতে, ‘কাং কন’ নামের ওই যুদ্ধ জাহাজ থেকে চালানো পরীক্ষায় লক্ষ্যবস্তু শনাক্তকরণ, তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা, নৌ কামান, স্বয়ংক্রিয় কামান, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, জাহাজবিধ্বংসী, সাবমেরিন-বিধ্বংসী এবং আকাশ প্রতিরক্ষা-ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়।

আগামী দুই মাসের মধ্যে কিম এই যুদ্ধজাহাজটিকে দেশের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এ সময় দেশের যুদ্ধ প্রতিরোধ ও যুদ্ধ সক্ষমতা আরও জোরদার করতে প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কিম। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধজাহাজটি থেকে পূর্ব সাগরের দিকে উত্তর কোরিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করা হয়েছে। ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সিউল ও ওয়াশিংটন বিষয়টির বিস্তারিত বিশ্লেষণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত