খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ধুধুক ছড়া সড়কে মধুমঙ্গল পাড়ায় সন্ত্রাসী হামলায় তিন যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত তিন যুবক হলো রাঙ্গামাটির সাজেকের পদ্ম চাকমা (১৯), রাঙ্গামাটি সদরের ধনা চাকমা (২০) ও পানছড়ির রিয়েল চাকমা (২১)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্যাটারি চালিত থ্রি হুইলার যোগে ৫ যুবক পানছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। থ্রি হুইলারটি মধুমঙ্গল পাড়ায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। একপর্যায়ে তারা ব্রাশফায়ার করলে তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান। বাকি দুজনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা জনসংহতি সমিতি জেএসএস (মূল)-এর সদস্য ছিলেন। সম্প্রতি তারা দলত্যাগ করে প্রতিপক্ষ দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ যোগ দেন। এই হামলায় জেএসএস (মূল) এর ১০-১২ জন সদস্য জড়িত ছিলেন অভিযোগ পাওয়া গেছে। তবে এ ব্যাপারে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইউপিডিএফ-এর মুখপাত্র অংগ্য মারমা এক বিবৃতিতে জানান, পানছড়ি ঘটনার সঙ্গে তার দল কোনোভাবে যুক্ত নয়। জেএসএস (মূল) দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কয়েকজন দলত্যাগ করতে চাওয়ায় এই হত্যাকান্ড ঘটেছে। পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার
করে থানায় নিয়ে আসে। এরপর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।