চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টির মধ্যে একটি সীমানার দেয়াল ধসে শফিকুল রহমান (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে নগরীর পূর্ব নাসিরাবাদ রহমাননগর আবাসিক এলাকার ‘বি’ ব্লকের ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শফিকুলের শাশুড়িসহ একই পরিবারের দুই শিশু গুরুতর আহত হয়েছে।
নিহত শফিকুল রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজ্ররা হলদিয়া গ্রামের সমীরের ছেলে। তিনি রহমাননগর বি-ব্লকের ওই সড়কের ‘সুফিয়া ভিলা’ নামের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি স্থানীয় বাজারে মাছের ব্যবসা করতেন।
আহত ব্যক্তিরা হলেন— নিহত শফিকুলের শাশুড়ি মর্জিনা বেগম (৫৬), তার চার বছর বয়সী ছেলে সোহান ইসলাম ও দুই বছর বয়সী মেয়ে সাইফা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম জুড়ে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ বিকেলে বৃষ্টির তীব্রতা বাড়লে রহমাননগর আবাসিক এলাকার একটি সীমানা দেয়াল হঠাৎ ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম দেশ রুপান্তরকে বলেন, রহমান নগরে দেয়াল ধসে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই বাচ্চা আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়েছে।