বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার (০৭ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী পানির নিচের রোবোটিক্স প্রকল্পটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী প্রকল্পটির বিস্তারিত ধারণা নেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এ সময় তিনি তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। 

তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। পরে প্রধানমন্ত্রী তার নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন। 

আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোবোসাব আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের হয়ে এই শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। দেশের প্রতিনিধিত্ব করার জন্য বিদেশ যাত্রার আগে তাদের এই উদ্যোগ ও প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তার মূল্যবান দিকনির্দেশনা নিতে আসেন এই শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, তারা প্রজেক্ট পোসাইডন’স কোড এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম  পানির নিচের কোন রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ-এর উদ্যোগে শুরু হয়েছে এবং বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত